দেশজুড়ে

শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও ভাঙচুর

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় মঙ্গলবার সকালে পোশাক কারখানার এক নারী ক্লিনার সড়ক দুর্ঘটনার নিহত হওয়ার ঘটনায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও ভাঙচুর করেছেন শ্রমিকরা। নিহতের নাম নছিমন বেগম (৪৫)। তার বাড়ি রংপুরে। তিনি বাইমাইল এলাকায় স্বপরিবারে বাড়ি ভাড়া থেকে কোনাবাড়ী এলাকায় ডিজাইনটেক্স সোয়েটার লিমিটেড কারখানার ক্লিনারের কাজ করতেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে নছিমন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে কোনাবাড়ী এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের খবর কারখানায ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে নেমে বাস, ট্রাক, লেগুনাসহ প্রায় অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় ১ ঘণ্টা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করে। সকাল ৯টার দিকে ফের যান চলাচল শুরু হয়। অবরোধ চলাকালে চরম ভোগান্তিতে পড়তে হয় স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবীসহ নানা পেশার শতশত মানুষকে। সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলে ৯টা থেকে ফের যানচলাচল শুরু হয়।  নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।                     মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস