দেশজুড়ে

নিজ গুলিতে আত্মহত্যা করলেন এসআই

যশোরের মণিরামপুর থানার ছাদে নিজ গুলিতে আত্মহত্যা করেছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) আলী আকবর (৪৪)। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত আলী আকবরের বাড়ি নড়াইলে। পারিবারিক বিরোধের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জাগো নিউজকে জানান, রাতে ডিউটি শেষে শনিবার ভোরে থানা ভবনের ছাদে গিয়ে নিজের পিস্তলের গুলিতে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। ওসি আরো জানান, স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জের ধরে আলী আকবর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মিলন রহমান/এমজেড/এমএস