দেশজুড়ে

চাঁদা না দেওয়ায় আ.লীগ কর্মীর বাড়িতে যুবলীগের বোমা হামলা

চাঁদা না দেওয়ায় যশোরের শার্শা উপজেলার কেষ্টপুর গ্রামে রোববার বিকেলে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীর বাড়িতে বোমা হামলা চালিয়েছে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শহিদের নেতৃত্বে একদল সন্ত্রাসী। শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বোমা হামলার স্বীকার আওয়ামী লীগ কর্মী নূর আলী জানান, বেশ কিছু দিন আগে ডিহি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শহিদ, যুবলীগ কর্মী শাহিন তার কাছে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে না পারায় যুবলীগের ওইসব নেতারা ২ দফায় তাকে পিটিয়ে আহত করে।

রোববার বিকেলে নূর যুবলীগ নেতা শাহিনের নেতৃত্বে গিয়াস উদ্দিন, শাহিনসহ একদল সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। এসময় তার স্ত্রী ফুল মতি ও ছেলে আশরাফুলকে পিটিয়ে আহত করে। পরে ঘরের বারান্দায় একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটায়। বোমার আঘাতে ঘরের টিন ছিদ্র হয়ে যায়। হামলায় ফুলমতি ও আশরাফুল আহত হয়।

এ ঘটনায় সন্ধ্যায় শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শার্শা থানার এএসআই ইমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বোমা হামলার ঘটনায় ৬ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে অভিযোগ প্রমাণ পেলে মামলা রজ্জু করে আসামি আটক করা হবে।

জামাল হোসেন/এসএইচএস