কয়েক দিনের প্রচণ্ড সূর্যের তাপে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন অংশে গরম হয়ে রেললাইন বেঁকে গিয়ে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। পাশপাশি লাইন বেঁকে যাওয়ায় ট্রেনের গতিও কমিয়ে দেওয়া হয়েছে। তবে এ পরিস্থিতি উত্তরণে কাজ করে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।জানা যায়, গত কয়েক সপ্তাহে পূর্বাঞ্চল রেলপথের বিভিন্ন অংশে সূর্যের তাপে গরম হয়ে রেললাইন বাঁকা হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। সর্বশেষ গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশনের অদূরে রেললাইন গরম হয়ে বেঁকে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে বেঁকে যাওয়া লাইন মেরামত শেষে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।এদিকে রেললাইন বাঁকা হয়ে যাওয়ার কারণে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সতর্কভাবে ট্রেন চলাচলের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে রেল কর্তৃপক্ষ। আখাউড়া-আশুগঞ্জ রেলওয়ে সেকশনের ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকার চার কিলোমিটার জায়গায় সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।রেলের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ৪০ ডিগ্রিরও বেশি তাপমাত্রা হলেই রেললাইন বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। ইতিমধ্যে তাপদহের কারণে রেললাইন প্রসারিত হয়ে লাইনের জোড়ার মধ্যকার ফাঁক অনেক স্থানেই বন্ধ হয়ে গেছে। তবে লাইন কেটে বন্ধ হয়ে যাওয়া স্থানের ফাঁক বাড়ানোর কাজ করছে রেল শ্রমিকরা। গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের গোকর্ণরোড রেলক্রসিং থেকে শুরু করে পশ্চিম দিকে কয়েক কিলোমিটার অংশে শ্রমিকদের লাইন ঠিক করতে দেখা যায়। এ কাজের একজন সুপারভাইজার মোহাম্মদ হোসেন জাগো নিউজকে জানান, গত শুক্রবার ১৭ নম্বর ব্রিজের ৭-৮ কিলোমিটার অংশে রেললাইন বেঁকে যাওয়ার উপক্রম হয়েছিলো। ফিসপ্লেট জুড়ে যে ফাঁকা জায়গা ছিলো তা বন্ধ হয়ে যায়। ওই দিন তাপমাত্রা ছিলো প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসের মতো। তাই আমরা এই অংশে ফিসপ্লেটের জোড়ায় ৪ ইঞ্চি করে লাইন কেঁটে ফাঁকা করে দিয়েছি।রেলওয়ের আখাউড়া অঞ্চলের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, যেখানে বাঁকা হওয়ার সম্ভাবনা আছে বা তাদের সন্দেহ হচ্ছে সেখানেই ৪ ইঞ্চি করে লাইন কেঁটে ফাঁকা করে দিচ্ছি। এতে করে লাইন বাঁকা হওয়ার সম্ভাবনা কম। তিনি আরো জানান, যেদিন গরম বেশি পড়ে সেদিন রেললাইন বেঁকে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। তাই সেদিন তারা রেললাইন চেকআপ করে থাকেন।উল্লেখ্য, গত বৃহস্পতিবার আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশনের অদূরে সূর্যের তাপে লাইন গরম হয়ে বেঁকে যাওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ও গোধূলি এক্সপ্রেস, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন কয়েক ঘণ্টা বিলম্বে চলাচল করে।আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস