দেশজুড়ে

কক্সবাজারে ৭২ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

কক্সবাজারে ৭২ লাখ টাকা মূল্যের ২৪ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। এ সময় ইয়াবা বহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে শহরের লিংক রোড এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কক্সবাজারের উখিয়ার থিমছড়ি (রত্নাপালং) এলাকার মৃত নুরুল আলমের ছেলে মো. রশিদুল আলম (৪৫) ও হলদিয়াপালং এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. রশিদ আহম্মদ (৪৪)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি ট্রাক (চট্টমেট্রো-ট-১১-১২২০) কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোড এলাকায় থামানো হয়।

পরবর্তীতে গাড়িতে থাকা দুইজনকে জিজ্ঞাসাবাদ করে ট্রাকের ভেতর লুকানো ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটিও জব্দ করা হয়েছে।

উদ্ধার ইয়াবা এবং গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। কক্সবাজার সদর থানা পুলিশের ওসি রনজিত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সায়ীদ আলমগীর/এএম/এমএস