দেশজুড়ে

মিয়ানমারে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবি রামুর বৌদ্ধদের

মিয়ানমার সরকার কর্তৃক আরাকান রাজ্যে মুসলিমদের ওপর চলমান বর্বর নির্যাতন বন্ধের দাবিতে বৌদ্ধ (বড়ুয়া ও রাখাইন) সম্প্রদায়ের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কক্সবাজারের রামু চৌমুহনী স্টেশন চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বক্তব্য দেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

তিনি বলেন, মিয়ানমার সরকার মুসলিমদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালাচ্ছে। রোহিঙ্গা মুসলমানদের হত্যা, ধর্ষণ, বসতঘরে অগ্নিসংযোগ বিশ্ববাসীকে হতবাক ও মর্মাহত করছে। মুসলমান কেন, কোনো ধর্ম-বর্ণের মানুষের ওপর এমন নির্যাতন মেনে নেয়া যায় না।

অবিলম্বে বর্বরতা বন্ধের আহ্বান জানিয়ে সাইমুম সরওয়ার কমল বলেন, চলমান এ রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার আন্তর্জাতিক আদালতকে নিশ্চিত করতে হবে।

সমাবেশে রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ভদন্ত সত্যপ্রিয় মহাথের রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বরোচিত নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, শান্তি স্থাপনের মাধ্যমে সকল সমস্যা সমাধান সম্ভব। সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত অন্যায়-অত্যাচারের চিত্র ফুটে উঠেছে তা হৃদয় বিদারক ও নিন্দনীয়।

দক্ষিণ চট্টগ্রামের আঞ্চলিক সংঘনায়ক, একুশে পদক প্রাপ্ত এ ধর্মীয় গুরু মিয়ানমার সরকারকে অমানবিক নির্যাতন বন্ধের দাবি জানান। পাশাপাশি বিশ্ব নেতৃবৃন্দকে এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।

রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুন বড়ুয়ার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও বাংলাদেশ স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া, রামু কেন্দ্রীয় সীমা বিহারের উপাধ্যক্ষ শীলপ্রিয় ভিক্ষু, রাখাইন জনগোষ্ঠীর পক্ষে মং ক্যা হ্লা রাখাইন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ ঐক্য কল্যাণ পরিষদ রামুর সহ-সভাপতি অলক বড়ুয়া, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, নবীউল হক আরকান, বাংলাদেশ বৌদ্ধ সমিতি রামুর সভাপতি স্বপন বড়ুয়া, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লি. এর সহ-সভাপতি রুহুল আমিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুল হক আজিজ, ইউপি সদস্য লিটন বড়ুয়া, বৌদ্ধ নেতা বিমল বড়ুয়া, সন্তোষ বড়ুয়া, ব্যোমকেশ বড়ুয়া, সাধন বড়ুয়া মহাজন, বিপুল বড়ুয়া আব্বু প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশে কক্সবাজার-রামুর বড়ুয়া ও রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দসহ শতশত নারী-পুরুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

সায়ীদ আলমগীর/আরএআর/আইআই