দেশজুড়ে

যশোরে যুবককে পিটিয়ে হত্যা

যশোরের বাঘারপাড়ায় শরিফুল ইসলাম (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আঘাতপ্রাপ্ত শরিফুলকে ঢাকায় নেয়ার পথে রাতে মারা যান। তিনি বাঘারপাড়ার ধলগ্রাম ইউনিয়নের অনতাইখোলা গ্রামের শহর বিশ্বাসের ছেলে।এলাকাবাসী জানায়, শরিফুল ইসলামের একই গ্রামের নিজাম উদ্দিন নামে এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া চলছিলো। এর জের ধরে মঙ্গলবার দুপুরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে শরিফুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা। এসময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে যশোর  জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছিলো। কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়। এদিকে, এলাকায় তার মৃত্যুর খবর এলে ওই প্রবাসীর বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার জানান, ঢাকায় নেয়ার পথে শরিফুল ইসলাম মারা গেছেন বলে খবর শুনছেন। এখবরে প্রতিপক্ষের বাড়িতেও সামান্য ভাংচুর করা হয়েছে। তবে পরকীয়ার ঘটনায় গোলযোগ হয়েছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।মিলন রহমান/এআরএস