গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে শিশুটির মা বাদী হয়ে সোহাগ মিয়া (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন।
অভিযুক্ত সোহাগ মিয়া সাতখামাইর এলাকার মো. ইসলাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও শিশুটির স্বজনরা জানান, নির্যাতনের শিকার মেয়েটির ছোট চাচার বিয়ে ছিল গত শুক্রবার। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে তাদের বাড়িতে অনুষ্ঠান চলছিল। শুক্রবার ভোর রাতের দিকে পানি খাওয়ানোর কথা বলে সোহাগ মেয়েটিকে বাড়ির পাশের টিউবওয়েলের দিকে নিয়ে যায়। সেখানে নিয়ে সোহাগ মেয়েটিকে ধর্ষণ। এ সময় মেয়েটির চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে সোহাগ পালিয়ে যায়।
শিশুটির মা সাংবাদিকদের জানান, সোহাগের পরিবার গত তিনদিন তাদেরকে বাড়ি থেকে বের হতে দেয়নি। সোমবার সকালে থানায় খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে।
শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, খবর পেয়ে ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে থানায় আনা হয়। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। শিশুটির মা বাদী হয়ে সোহাগের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম