দেশজুড়ে

দেশে ফিরে আগামী নির্বাচনের রূপরেখা দেবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া রূপরেখা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। তিনি বলেন, বিএনপিকে বাইরে রেখে কোনো নির্বাচন আর নয়। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে বিএনপি সরকারের বিকল্প নেই। বেগম জিয়া দেশে ফিরে আগামী নির্বাচনের রূপরেখা দেবেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার বিকেলে কক্সবাজার জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বরকতউল্লা বুলু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। দেশবাসীর নিকট বেগম জিয়া ও তার পরিবার সবচেয়ে জনপ্রিয়। এ কারণে জিয়া পরিবারের ওপর বারবার জুলুম নির্যাতন চালাচ্ছে সরকার। সরকার যতই ষড়যন্ত্র করুক জনগণের হৃদয় থেকে বিএনপিকে মুছে দেয়া সম্ভব নয়। সরকারের সমস্ত কুটচালের জবাব দিতে জনগণ প্রস্তুত রয়েছে।

বুলু বলেন, মিয়ানমারের সঙ্গে সরকারের প্রশ্নবিদ্ধ চুক্তি রোহিঙ্গা সংকট সমস্যা সমাধানের পরিবর্তে সমস্যা আরও বাড়াবে। শহীদ জিয়ার প্রণীত রোহিঙ্গা নীতিই একমাত্র সমাধানের পথ।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বেও জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা শ্রমিক দলের সভাপতি ও পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মো. আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, কেন্দ্রীয় যুবদল নেতা এম মোকতার আহমদ, জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ইউনুছ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনির উদ্দিন মনির, সদর যুবদলের সভাপতি ফরিদুল আলম, পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল, টেকনাফ যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী, উখিয়া যুবদলের সভাপতি আহসান উল্লাহ, রামু যুবদলের সভাপতি নুরুল আবছার, কক্সবাজার পৌর শ্রমিক দলের সভাপতি এস্তাক আহমদ, পৌর ছাত্রদলের সভাপতি এনামুল হক প্রমুখ।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস