ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মিয়া সদর উপজেলার উত্তর সুহিলপুর গ্রামের অলি মিয়ার ছেলে।এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার ৩ যাত্রী। আহতদের মধ্যে অটোরিকশা চালক সাইখুল ইসলামকে (১৬) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই ঘণ্টা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছিলেন উত্তেজিত জনতা।আহত সাইখুল ইসলামের বড় ভাই ফলু মিয়া জাগো নিউজকে জানান, রাতে নন্দনপুর বাজার থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা সুহিলপুরের দিকে আসছিল। অটোরিকশাটি নন্দনপুর বাজার থেকে কিছুদূর আসামাত্রই বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ইব্রাহিম মিয়া মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।এদিকে দুর্ঘটনায় নিহত ইব্রাহিমের মরদেহ সড়কে ফেলে রেখে দুই ঘণ্টা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন জনতা। এতে করে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ২ ঘণ্টা পরই মহাসড়কের যান চালচল স্বাভাবিক হয়েছে।আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস