গণতান্ত্রিক অধিকার আদায়ের রাজনৈতিক হাতিয়ার হরতালকে বিএনপি-জামায়াত ভোতা বানিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের দল আহুত হরতাল জনগণ প্রত্যাখান করেছে। যারা হরতাল ডেকেছে তারা নিজেরাই ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখছে। কোথাও কোনো পিকেটার নেই। হরতালের চিহ্ন মাত্র নেই। বিএনপি-জামায়াত এখন আদালতের রায়ের বিরুদ্ধেও হরতাল ডাকে।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারে চার কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য সড়ক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, হরতাল নামের অধিকার আদায়ের গণতান্ত্রিক হাতিয়ারকে অপপ্রয়োগ করতে করতে ভোতা বানিয়ে দিয়েছে তারা। তাই তাদের ডাকে জনগণ আর সাড়া দেয় না।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধরণ সম্পাদক মুজিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সড়ক ভবন উদ্বোধন শেষে সেতুমন্ত্রী সফরসঙ্গীদের নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করে আশ্রিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম