নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমানকে এ দায়িত্ব দেয়া হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার মঈনুল হক।
অভিযুক্তরা হলেন এসআই আসাদুজ্জামান আসাদ, মোল্লা টুটুল ও মো. আশরাফ। তারা আসামিকে ছেড়ে দেয়ার কথা বলে ৭০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। পরে আসামি না ছাড়ায় আসামির স্ত্রী আদালতে ডিবি পুলিশের গাড়ি আটক করে প্রতিবাদ জানায় এবং ঘুষের টাকা ফেরত চায়। পরে বাধ্য হয়ে ডিবি পুলিশ টাকা ফেরত দেয়।
তদন্তের দায়িত্বপ্রাপ্ত জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান জানান, আমাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দাখিল করা হবে।
শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম