দেশজুড়ে

নারায়ণগঞ্জে ডকইয়ার্ডে আগুনে ৪ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার খন্দকার ডকইয়ার্ডে ওয়েল্ডিং মেশিন দিয়ে লোহার প্লেট কাটার সময় আগুনে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওয়েল্ডিং মেশিনে ত্রুটি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ডকইয়ার্ডের অন্য শ্রমিকরা জানিয়েছেন।

দগ্ধ শ্রমিকরা হলেন- পটুয়াখালীর রাঙ্গাবালী থানার মৃত মোতাহার হোসেনের ছেলে বিল্লাল হোসেন (৪০), চাঁদপুর মতলবের রশিদ নেছারের ছেলে সোহরাব (২২), লক্ষীপুরের মৃত আজহার মোল্লার ছেলে কবির হোসেন (২৪) ও মৌলবীবাজারের মৃত আইয়ুব আলীর ছেলে আব্দুল হাকিম (৪৫)।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক মামুনুর রশিদ জানান, ওয়েল্ডিং করার সময় গ্যাস লাইনে লিকেজ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গ্যাসের আগুনে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ডকইয়ার্ডের আগুন নিয়ন্ত্রণে আনে।

ডকইয়ার্ডের মালিক ইয়ামিন খন্দকার জানান, ডকইয়ার্ডের ওয়েল্ডিং মেশিনে প্লেট কাটার সময় আগুন লেগে চার শ্রমিক দগ্ধ হন। তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাদের অবস্থা এখন ভালো।

বন্দর থানা পুলিশের এসআই সালাউদ্দিন জানান, খন্দকার ডকইয়ার্ডে কাজ করার সময় আগুন লেগে চার শ্রমিক দগ্ধ হয়। তবে তারা শঙ্কামুক্ত।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর