অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি বিষয়ে প্রতারণার অভিযোগে ১৬ কলেজ প্রধানকে যশোর শিক্ষা বোর্ডে তলব করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা বোর্ডের তদন্ত কমিটির সামনে হাজির হয়ে তাদের অনিয়মের কারণ ব্যাখ্যা করতে হবে। এর আগে কলেজ কর্তৃপক্ষকে শোকজ করা হলেও জবাবে সন্তুষ্ট হয়নি যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।তলব করা কলেজগুলো হলো, যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা ডিগ্রি কলেজ, একই উপজেলার মৃধাপাড়া মহিলা কলেজ, পাশাপোল আমজামতলা কলেজ, এবিসিডি কলেজ, হাকিমপুর মহিলা কলেজ, জিসিবি কলেজ, সদরের তালবাড়িয়া কলেজ, বসুন্দিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া কলেজ। এছাড়া এ তালিকায় রয়েছে মাগুরার আড়পাড়া কলেজ ও খুলনার পাইকগাছা উপজেলার লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল, পাইকগাছার ডাক্তার এসকে বাকার কলেজ, খুলনার আশরাফুল আইডিয়াল কলেজ, সাতক্ষীরার কলারোয়ার ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান কলেজ, ঝিনাইদহের কাঞ্চন নগর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং মহেশপুরের ডাক্তার সাইফুল ইসলাম কলেজ।যশোর শিক্ষা বোর্ডে সূত্রে জানা যায়, একাদশ শ্রেণির ভর্তিতে অনলাইনে আবেদন নিয়ে এসব কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে। শিক্ষার্থীদের না জানিয়ে তাদের রোল নম্বর ব্যবহার করে অনলাইনে আবেদন করা হয়। পরে শিক্ষার্থী যখন নিজের পছন্দ মতো কলেজে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে যায় তখন দেখতে পায় তাদের আবেদন আগেই করা হয়ে গেছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক বরাবর লিখিত অভিযোগ করেন।বোর্ড কর্তৃপক্ষ এসব অভিযোগের প্রেক্ষিতে তিন দফায় ১৬ কলেজের বিরুদ্ধে শোকজ নোটিশ পাঠান। একই সঙ্গে কলেজের হিসাব ও নিরীক্ষা বিভাগের উপ-পরিচালক ইমদাদ হোসেনকে প্রধান করে একটি কমিটি গঠন করে।এদিকে, কলেজ অধ্যক্ষরা নির্দিষ্ট সময়ের মধ্যে শোকজের জবাব দিলেও তাতে সন্তুষ্ট নয় শিক্ষা বোর্ড। ফলে বৃহস্পতিবার কলেজ অধ্যক্ষদের শিক্ষা বোর্ডে ডেকে পাঠানো হয়েছে। বোর্ডের তদন্ত কমিটির সামনে তাদের কারণ ব্যাখ্যা করতে হবে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে কলেজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন।যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শন অমল কুমার বিশ্বাস জানান, প্রায় সব কলেজই শোকজ`র গৎবাঁধা উত্তর দিয়েছে। নতুন নিয়ম হওয়ায় তাদের ভুল হয়েছে বলে তারা উল্লেখ করেছেন। কিন্তু বোর্ড কর্তৃপক্ষ এতে সন্তুষ্ট নয়। ফলে তদন্ত কমিটির সামনে তাদের বৃহস্পতিবার হাজির হয়ে কারণ ব্যাখ্যা করতে হবে।মিলন রহমান/এআরএ/আরআই