কক্সবাজার নাজিরারটেক শুঁটকি মহালে উৎপাদনে বিষ মেশানোর সময় আড়তদারসহ ৪ জনকে আটক করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুঁটকি দীর্ঘস্থায়ী রাখতে এবং সহজে শুকাতে উৎপাদনকারীরা দীর্ঘদিন ধরে এ ধরনের বিষ প্রয়োগ করে আসছে বলে অভিযোগ পাওয়ায় মঙ্গলবার বিকেলে এ অভিযান চালানো হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- আড়তদার মুহাম্মদ ইদ্রিস (৫৫), তার কর্মচারী আশরাফ আলী (১৯), আবু ছিদ্দিক (১৮) ও ফয়েজ উদ্দিন (১৮)। এদের মধ্যে আড়তদারকে এক বছর ও কর্মচারীদের সাতদিন করে কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শুঁটকি উৎপাদনে বিষ মেশানো হচ্ছে এমন অভিযোগ পাচ্ছিলাম বেশ কয়েকদিন ধরে। এরই ভিত্তিতে মঙ্গলবার দুপুরে নাজিরারটেক যাওয়া হয়। সেখানে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে একটি আড়তে বিষ মেশানো প্রক্রিয়া হাতেনাতে ধরা হয়।
শুঁটকি মহালেরে মালিকরা শ্রমিকের মাধ্যমে মাছ শুকানোর আগেই ‘মর্টার ৪৮ ইসি ও ডিজেন’ নামে দুই ধরনের কীটনাশক এবং বিষ ব্যবহার করছিলেন। প্রয়োগ করা বিভিন্ন কীটনাশক মানব দেহের জন্য খুবই ক্ষতিকারক বলে জানালেন চিকিৎসক ও মৎস কর্মকর্তারা।
অভিযানে মাছে বিষ মেশানোর সময় মালিক ও শ্রমিককে হাতেনাতে আটকের পাশাপাশি জব্দ করা হয়েছে বিভিন্ন কীটনাশক ও বিষ। এরপর ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারা মতে ও মৎস্য ও মৎস্যপণ্য মাননিয়ন্ত্রণ আইনের ১৯৮৩ (৫) ধারায় তাদের সাজা দেয়া হয়। বিকেলে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/আইআই