প্রাণঘাতী পিপিআর রোগমুক্ত করার লক্ষ্যে যশোরের ঝিকরগাছা উপজেলায় একসঙ্গে ৭৫ হাজার ছাগল-ভেড়াকে টিকা দেয়া হচ্ছে। উপজেলাজুড়ে একযোগে এ টিকাদান কার্যক্রম এটিই প্রথম।
১ নভেম্বর শুরু হওয়া এ কার্যক্রম চলবে ১৫ তারিখ পর্যন্ত। বুধবার দুপুরে ঝিকরগাছায় এ কার্যক্রমের উদ্বোধন করেন যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম।
যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবতোষ কান্তি সরকার জানান, প্রাণঘাতি পিপিআর রোগের ভাইরাসে আক্রান্ত হলে ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ছাগল-ভেড়া মারা যায়। এ রোগ থেকে ছাগল-ভেড়াকে মুক্ত রাখতে ঝিকরগাছা উপজেলার ১৬৭টি গ্রামে ১৫ দিনব্যাপী এ টিকা কার্যক্রম পরিচালিত হবে। গ্রামে গ্রামে ক্যাম্প করে উপজেলার ৭৫ হাজার ছাগল-ভেড়াকে টিকা দেয়া হবে।
তিনি উল্লেখ করেন, এ উপজেলায় যে ৭৫ হাজার ছাগল-ভেড়া রয়েছে তার আর্থিক মূল্য ৩০ কোটি টাকা। আর প্রতিবছর পিপিআর রোগে যে পরিমাণ ছাগল-ভেড়া মারা যায় তাতে অন্তত ১২ কোটি টাকার ক্ষতি হয়। এ টিকার মাধ্যমে এ ক্ষতি দূর করা সম্ভব হবে। আর এ কার্যক্রম সফল হলে সারাদেশে এ প্রক্রিয়ায় পিপিআর টিকাদান কর্মসূচি গ্রহণ করা হবে।
বুধবার দুপুরে ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে ছাগল-ভেড়ার পিপিআর মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঢাকার অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপ্যাল ডা. হীরেশ রঞ্জন ভৌমিক, ক্ষুরারোগ ও পিপিআর গবেষণা প্রকল্পের প্রকল্প পরিচালক ড. গিয়াসউদ্দিন, ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ ডা. আবদুল হাই, প্রাণিসম্পদ বিভাগের খুলনা বিভাগীয় উপ-পরিচালক ডা. কল্যাণ কুমার ফৌজদার ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবতোষ কান্তি সরকার।
মিলন রহমান/এমএএস/জেআইএম