পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, এ পর্যন্ত যতগুলো অপহরণ হয়েছে তাদের অধিকাংশই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। সবগুলো গুমের ঘটনায় মামলা বা জিডি হয়েছে। তাই তাদের উদ্ধারের ব্যাপারে থানা পুলিশ কাজ করে যাচ্ছে। তাদের উদ্ধারে আমাদের আন্তরিকতার অভাব নেই।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুর পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, আমরা রোহিঙ্গাদের পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে যাচ্ছি। শুধু পুলিশ নয় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের নিরাপত্তায় নিয়োজিত আছে। কোনো রোহিঙ্গা যাতে অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে না পড়ে সে ব্যাপারটাও আমরা নজরে রেখেছি।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, ঢাকা রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক মোহা. শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আজাদ, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, আইজিপির স্ত্রী সামসুন্নাহার রহমান, গাজীপুর পুলিশ সুপারের স্ত্রী শিরিন আক্তার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি শোয়েব আহমেদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাবেক এমপি মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, গাজীপুর বারের জিপি আমজাদ হোসেন বাবুল, পিপি হারিছ উদ্দিন আহমদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইজাদুর রহান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
আমিনুল ইসলাম/আরএআর/আইআই