বিএনপি পেছনের রাস্তা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, মিথ্যা কথার স্ট্যান্ডবাজি ছাড়া বিএনপির আর কোনো পুঁজি নেই। বিএনপি শুধু মিথ্যাচার আর অপপ্রচারের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে।
সোমবার কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য কয়েকজন সংসদ সদস্য ও বিভিন্ন সংস্থার আর্থিক সহযোগিতা ও ত্রাণসামগ্রী গ্রহণের সময় এসব কথা বলেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, পাহাড়ে শান্তি ফেরাতেই আওয়ামী লীগ সরকার শান্তিচুক্তি করেছিল। এই শান্তিচুক্তি পূর্ণ বাস্তবায়নে পাহাড়িদের নেতা চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমার সঙ্গে বৈঠকে বসা হবে।
সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার দেশে জঙ্গিবাদকে যেভাবে মোকাবেলা করে জঙ্গি সমস্যার সমাধান করেছে, ঠিক সেভাবেই রোহিঙ্গা সঙ্কটও মোকাবেলা করে তা সমাধান করবে। দেশের একটি দল ছাড়া বিশ্বের সবাই রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের প্রশংসা করছে।
এ সময় কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, আব্দুর রহমান বদি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, শামসুল হক চৌধুরী এমপি ও একরামুল চৌধুরী এমপিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এএম/এমএস