পিএসএলে প্রথম ম্যাচে বেশ দাপটের সঙ্গেই জয় পেয়েছিলো পারভেজ হোসেন ইমন ও মোস্তাফিজুর রহমানদের দল লাহোর কালান্দার্স। তবে দ্বিতীয় ম্যাচে এসে হারতে হলো তাদের। করাচি কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে লাহোর কালান্দার্স।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই ম্যাচটি ছিল লো স্কোরিং। দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতেছিল লাহোর কালান্দার্সই। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা। তবে করাচির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৮ রান তুলতে সক্ষম হয় লাহোর। কোনো ব্যাটারই ঠিকমত দাঁড়াতে পারেনি করাচির বোলারদের সামনে।
লাহোরের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন আবদুল্লাহ শফিক। ২৪ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় এ রান করেন তিনি। ২৮ রান করেন হাসিবুল্লাহ খান। তবে ৩০টি বল খেলেন তিনি। পারভেজ হোসেন ইমন ১২ বলে খেলেন ১২ রানের ইনিংস। ১৯ রান করেন সিকান্দার রাজা। ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নেন অ্যাডাম জাম্পা। ১টি মেডেনও নেন তিনি।
জবাব দিতে নেমে জয় পেতে কষ্ট করতে হয়েছে করাচিকেও। শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে তাদের। ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় তারা। ৩৭ বলে ৩৮ রান করেন মোহাম্মদ ওয়াসিম। ১৯ রান করেন সা‘দ বেগ ও ১৮ রান করেন মইন আলি। মোস্তাফিজ ২০ রান দিয়ে নেন ১ উইকেট।
আইএইচএস/এসএএইচ