দেশজুড়ে

মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক কালাগাজির পাড়ায় আবু কায়সার (১৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত কায়সার হোয়ানক কালাগাজী পাড়ার সাবেক মেম্বার জোনাব আলীর ছেলে। প্রতিপক্ষ জালাল বাহিনীর সন্ত্রাসীদের গুলিতে কায়সারের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

কায়সারের বাবা জোনাব আলী অভিযোগ করেন, ভোরে অতর্কিতভাবে জালাল বাহিনীর সদস্য ছৈয়দ মিয়া, রমিজ, খোরশেদ, বক্কর, আবছার, আমিনসহ ৩০-৪০ জনের একদল দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা কায়সারকে লক্ষ্য করে রাইফেল দিয়ে গুলি করে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে কায়সারের মৃত্যু হয়।

মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানতে পারিনি। বিস্তারিত খবর নেয়া হচ্ছে।

সায়ীদ আলমগীর/আরএআর/আরআইপি