ক’দিন পেরুলেই নতুন বছর। বছরে দ্বিতীয় দিন থেকে শুরু হচ্ছে তারকাবহুল নতুন ধারাবাহিক নাটক ‘রসের হাড়ি’। এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চিত্রলেখা গুহ, অহনা, সাঈদ বাবু, ডা. এজাজ, ম ম মোর্শেদ, নাজিরা মৌ, অরিন, সানজিদা, আ.খ.ম হাসান, সিদ্দিকুর রহমান প্রমুখ।
টিপু আলমের গল্পে ও আকাশ রঞ্জনের রচনায় ‘রসের হাড়ি’ পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। নির্মাতার ভাষ্য মতে নাটকের গল্পে দেখা যাবে, দৈনিক রাজধানীতে মানুষের চাপ বাড়ছে। প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা এসব মানুষ অনেক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না রাখায় নিজেই বিপদ ডেকে আনছে। বিপদে পড়ে অন্যজনকে এবং সংসার তথা সমাজ জীবনে অসঙ্গতির মধ্যে পড়ছে। মানুষের এই রূপ বদল হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নাটকটিতে।
নাটকটি প্রসঙ্গে লাক্সতারকা অরিন বলেন, আমি সিনেমায় মনোযোগী। তবে ভালো গল্প এবং চরিত্র পেলে টুকটাক নাটকেও কাজ করি। ‘রসের হাসি’ তেমনই একটি গল্প নির্ভর নাটক। এখানে সমাজের মানুষের নানা অসঙ্গতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। নতুন বছরে দর্শকদের নাটকটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
জানা গেছে, আগামী ২ জানুয়ারী প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার রাত ৮:৪৫ এবং রাত ১১ টায় বৈশাখী টেলিভিশনে ‘রসের হাড়ি’ প্রচারিত হবে।
এনই/জেআইএম