নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) স্থানীয় কাউন্সিলর আব্দুল করিম খান বাবুর বিরুদ্ধে মেয়র সেলিনা হায়াৎ আইভীর দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
সোমবার সকালে সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের পাইকপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে স্কুল শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী কয়েকশ মানুষ জিমখানা আলাউদ্দিন খান স্কুলের মাঠে জড়ো হয়। পরে সেখান থেকে মিছিল করে সিটি কর্পোরেশনের প্রধান ফটক ঘেরাও করে সড়ক অবরোধ করে তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুকে নিয়ে মেয়র আইভীর বক্তব্য প্রত্যাহার করতে বিভিন্ন স্লোগান দেয় এলাকাবাসী। একই সঙ্গে আইভীর বক্তব্যের প্রতিবাদে সমাবেশও করা হয়। পরে পুলিশ এসে সড়কের একপাশ থেকে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। বিক্ষোভ শেষে সবাই চলে যাওয়ার পর সিটি কর্পোরেশনে আসেন মেয়র আইভী।
কাউন্সিলর আব্দুল করিম বাবুর ছেলে রিয়েল আইভীর উদ্দেশ্যে বলেন, এক বছর নির্বাচন হবার পর বাবা কোনো ভুল করেছেন কি-না, যদি করে থাকেন আপনি ভুল ধরিয়ে দিলে তিনি আজকেই পদত্যাগ করবেন। আপনি আপনার ভাগ্নেকে জনপ্রতিনিধি করতে না পারায় আমার বাবার প্রতি হিংসায় ফেটে পড়েছেন। এ জন্যই আপনি এ ওয়ার্ডবাসীর উন্নয়নে আমার বাবাকে বাধা দিচ্ছেন।
কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, আমি প্রতিহিংসার শিকার। কাউন্সিলর হয়েও নিজ অর্থায়নে এলাকায় কাজ করেছি, আগামীতেও করে যাব।
নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, আমি আওয়ামী লীগের একটি অনুষ্ঠান থেকে জানতে পারি বাচ্চারা নাকি সিটি কর্পোরেশনে এসেছে। এ জন্য দ্রুত চলে এলাম। কিন্তু তারা তো চলে গেল। আমি তাদের সঙ্গে কথা বলার জন্যই ছুটে এসেছিলাম।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, কয়েকশ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেছিল। পরে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জের দেওভোগে নির্মাণাধীন লেকের উন্মুক্ত মঞ্চে নাসিকের এক বছর পূর্তি অনুষ্ঠানে মেয়র আইভী বলেছিলেন, আজকে আমাদের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করার জন্য বাবুকে বলা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানের ৫ মিনিট আগে তিনি জানিয়েছেন- তার স্যাটেলাইট সমস্যা, সম্প্রচার করা যাবে না। তিনি আজকে এখানে আসেননি। আমি ১৭নং ওয়ার্ডের আর কোনো কাজ বাবুকে দিয়ে করাবো না। এই ওয়ার্ডের সব কাজ করবেন মহিলা কাউন্সিলর বিভা হাসান। বিভাকে দিয়েই আমি এ ওয়ার্ডের সব কাজ করাবো।
শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি