দেশজুড়ে

সবজির ট্রাক থেকে অস্ত্র উদ্ধার

কুমিল্লায় সবজির ট্রাকে তল্লাশি করে পাওয়া গেছে ৭টি কাটা বন্দুক। বৃহস্পতিবার ভোর ৫টায় কুমিল্লা সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়ি এ অভিযান চালায়।

ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবু ইউসুফ জানান, ভোরে নিয়মিত টহলের সময় ফাঁড়ির সামনে চেকপোস্টে একটি সবজীবাহী পিকআপ ভ্যানের চালক ও সহযোগীর আচরণে সন্দেহ হয়। পরে গাড়িটি তল্লাশি করে ৭টি কাটা বন্দুক উদ্ধার করা হয়।

এ সময় গাড়ির চালক রুবেল ও সহযোগী আলামিনকে আটক করে পুলিশ। আটকদের জিজ্ঞাসাবাদে তারা জানান পিকআপ ভ্যানটি কক্সবাজারের চকরিয়া থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাচ্ছিল।

আটক ড্রাইভার রুবেল কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর গ্রামের আব্দুল রাকীমের ছেলে এবং সহযোগী আলামিন একই উপজেলার মগপাড়াবিল এলাকার নুরুল আমিনের ছেলে।

কামাল উদ্দিন/এফএ/আরআইপি