বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূল থেকে উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশী আরো ১৫৫ জন বাংলাদেশিকে বুধবার দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উখিয়ার ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে দেবে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ১৭ ব্যাটালিয়ন সূত্রে এ তথ্য জানা গেছে।কক্সবাজার ১৭-বিজিবির অধিনায়ক লে. কর্নেল রবিউল হাসান এক তথ্য বিবরণীতে মঙ্গলবার রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বিভিন্ন সময় বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে অভিবাসন প্রত্যাশী অনেককে উদ্ধার করে সে দেশের সীমান্তরক্ষী। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে আরো ১৫৫ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে। বিজিপির সাথে পতাকা বৈঠকের মাধ্যমে বুধবার কক্সবাজারের উখিয়া উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের ফেরত আনা হবে।তিনি আরো জানান, গত ২৯ মে মিয়ানমারের জলসীমা থেকে ভাসমান অবস্থায় দেশটির নৌবাহিনী ৭২৭ জন অভিবাসী প্রত্যাশীদের উদ্ধার করে। এদের মধ্যে শনাক্ত করে আরো ১৫৫ জনকে ফেরত আনা হচ্ছে।এর আগে গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় ২০৮ জন অভিবাসীকে উদ্ধার করে মিয়ানমার। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে ৮ জুন ১৫০ জনকে এবং ১৯ জুন ৩৭ জনকে ফেরত আনা হয়। এরা অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাচ্ছিলেন।সায়ীদ আলমগীর/এসএস/পিআর