গোপালগঞ্জে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে সভা করার সময় জেলা যুবদল সভাপতিসহ ছাত্রদলের ৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা সদরের মান্দারতলা এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।আটকরা হলেন, জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সবুজ মোল্লা, যুগ্ম আহ্বায়ক মিকাইল ইসলাম ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সিকদার শহিদুল ইসলাম লেলিনের ছোট ভাই সিকদার শরিফুল ইসলাম সবুজ ।গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক সিকদার শহিদুল ইসলাম লেলিন বলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে গোপালগঞ্জ শহরতলীর মান্দারতলায় যাত্রা বিরতি করে যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে চা পান করেন। তিনি খুলনার উদ্দেশ্যে রওনা দেয়ার পর পুলিশ মান্দারতলা এলাকা থেকে জেলা যুবদলের সভাপতি, ছাত্রদলের দুই নেতা ও ছোট ভাই চাকরিজীবী সবুজকে আটক করে।গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেফতারি পরোয়ানা নেই। যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা সংঘবদ্ধ হয়ে শহরের মান্দারতলা এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে অন্দোলন কর্মসূচি নিয়ে মিটিং করছিল। এছাড়া তারা সরকার পতন অন্দোলন নিয়ে শলা পরামর্শ করছিল। এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করি। এ সময় অন্যান্য নেতা কর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।এসএম হুমায়ূন কবীর/এসএস/পিআর