গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসচাপায় বেগম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সিঙ্গিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার সিঙ্গিপাড়া গ্রামের মইয়ার আলী শেখের স্ত্রী। টুঙ্গিপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকরাম হোসেন জানান, পিরোজপুর থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে রাস্তা পারাপারের সময় ওই মহিলাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা ওই সড়কে কিছু সময়ের জন্য অবরোধ সৃষ্টি করে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।এস এম হুমায়ূন কবীর/এআরএ/পিআর