দেশজুড়ে

কক্সবাজারে দেয়াল ধসে প্রতিবন্ধী নারীর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে দেয়াল ধসে রোকেয়া বেগম (২৯) নামে এক বাক-প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। তিনি মিয়ানমার নাগরিক ইউছুপ আলীর মেয়ে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি রেঞ্জাধীন পাহাড়ি এলাকা লম্বা থলি নামক স্থানে পরিবার নিয়ে মাটির দেয়াল ঘরে বাস করতেন মিয়ানমার নাগরিক ইউছুফ আলী। শুক্রবার রাতের অনবরত বৃষ্টিতে শনিবার ভোরে বাড়ির একটি দেয়াল ধসে পড়ে। এ সময় ঘুমন্ত রোকেয়া দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম লিটন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে স্থানীয়রা মাটি সরিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। একদিকে দুর্গম এলাকা অপরদিকে ভারী বর্ষণের কারণে মৃত্যুর খবরটি সারাদিন প্রচার হয়নি। বৃষ্টি থামার সুযোগে বিকেল ৫টায় ইসলামপুর জুমনগর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি