দেশজুড়ে

কুমিল্লায় ‘তালা কাটা’ চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

কুমিল্লায় ‘তালা কাটা’ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে বাদশা নামের একজন বৃহস্পতিবার দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে গ্রেফতার ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- কুমিল্লার মুরাদনগরের ত্রিশ গ্রামের মো. জসিম উদ্দিন (২৬), রামচন্দ্রপুর গ্রামের মো. বাদশা মিয়া (২২), মোকসাইর গ্রামের আলা উদ্দিন, কদমতলী মধ্যপাড়া গ্রামের মো. জজ মিয়া (২৪), মুছাগাড়া গ্রামের মো. মহরম (২০) এবং জাহাপুর গ্রামের মো. সুমন (২০)।

ডিবি সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুজারভাঙ্গা মোড়স্থ আবেদা হাকিম টাওয়ারের মেসার্স আব্দুল লতিফ চৌধুরী অ্যান্ড সন্স নামক প্রতিষ্ঠানের দরজা ও কেচি গেটের তালা কেটে ‘তালা কাটা’ চোর চক্র সিন্ধুকের ক্যাশের তালা ভেঙে নগদ টাকাসহ ২৩ লক্ষাধিক টাকার রবির বিভিন্ন অংকের স্ক্যাচ কার্ড নিয়ে যায়। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানার মামলা হওয়ার পর তদন্তে নামে ডিবি।

ডিবি পুলিশের এসআই মো. শাহ কামাল আকন্দ এবং এসআই মো. সহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম জেলার বিভিন্ন স্থানে অভিযানের পর বুধবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজারের একটি আবাসিক হোটেলে ওই চক্রের অবস্থান জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে তালা কাটা চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করে।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবির এসআই শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতাররা কুমিল্লা ছাড়াও চট্টগ্রাম, ঢাকা, ভোলাসহ বিভিন্ন জেলায় দীর্ঘ দিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের তালা কেটে নগদ ঢাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র চুরি করার কাজে জড়িত। এই চক্রটি দাউদকান্দি বাজারস্থ তুজারভাঙ্গা মোড়স্থ আবেদা হাকিম টাওয়ারে চুরির কথা স্বীকার করেছে।

কামাল উদ্দিন/আরএআর/জেআইএম