দেশজুড়ে

যশোরে ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৪

যশোরের শার্শা উপজেলার হাড়িখালি নামক স্থানে ট্রাকের চাপায় নসিমন চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই শার্শা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন- নসিমন চালক বাগআঁচড়া এলাকার আবদুল ওহাবের ছেলে নজরুল ইসলাম (৩৫), ছোট আঁচড়া এলাকার মোহাম্মদ লিটনের স্ত্রী রেকসোনা খাতুন (২৬), যাদবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩৫), সনাতনকাটি গ্রামের শাহজাহানের ছেলে সুমন হোসেন (১০)।

আহতরা হলেন- সনাতনকাটি গ্রামের শাহজাহান আলীর স্ত্রী আমেনা খাতুন (৪০) ও তার মেয়ে শারমিন (১৫), হাড়িখালি গ্রামের জিল্লুর রহমানের ছেলে আশরাফ উদ্দিন (৩৫), ছোট আঁচড়া গ্রামের মোহাম্মদ লিটনের ছেলে অংকন (৭)। আহতদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতের স্বজনরা জানায়, রোববার বিকেলে যশোরের নাভারন-সাতক্ষীরা সড়কের হাড়িখালি নামক স্থানে নসিমনে যাত্রী নিয়ে দাঁড়িয়ে ছিলেন চালক নজরুল ইসলাম।

এ সময় একটি ট্রাক নসিমনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চালক নজরুল ইসলামের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় যাত্রীদের উদ্ধার স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে আলমগীর ও রেকসোনার মৃত্যু হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন হোসেন মারা যায়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক।

মিলন রহমান/এএম/জেআইএম