দেশজুড়ে

ট্রলার থেকে পড়ে কলেজছাত্র নিখোঁজ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীতে ট্রলার থেকে ছিটকে পড়ে সেলিম মিয়া (১৭) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে।

রোববার সকালে ওই কলেজছাত্র নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধারে পানিতে নামে ডুবুরি দল। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চেষ্টা করেও নিখোঁজ কলেজছাত্রের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ সেলিম মিয়া উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী ব্রাহ্মণপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে। সে সরকারি সফর আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আড়াইহাজার খাগকান্দা নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন জানান, কলেজছাত্র নিখোঁজ হওয়ার পর মেঘনা নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, চাঁদপুর জেলার মতলব উপজেলা লেংটা পাগলার মাজারে ওরশ শেষে ট্রলারযোগে রোববার সকালে আড়াইহাজার উপজেলার মেঘনা নদীর টেটিয়া এলাকা পৌঁছালে ট্রলার থেকে নদীতে পড়ে যায় সেলিম।

খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে ঢাকা থেকে বিশেষজ্ঞ ডুবুরি দল এসে যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কলেজছাত্র সেলিম মিয়ার সন্ধান পাওয়া যায়নি।

শাহাদাত/এএম/আরআইপি