ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গুলিতে আহত খোকন (৩২) নামে এক ডাকাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার রাতে সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত খোকন, জনি, রুবেল ও সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আর ডাকাত খোকন পালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ খোকনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত খোকন রূপগঞ্জ উপজেলার ছনপাড়া গ্রামের হাবু সিকদারের ছেলে।
গ্রেফতাররা হলেন- রূপগঞ্জের ছনপাড়া এলাকার তারা মিয়ার ছেলে রুবেল,মুন্সীগঞ্জের শ্রীনগর থানার বিভানদি গ্রামের জব্বার মিয়ার ছেলে সাদ্দাম ও বসুরবাগ গ্রামের বসুরবাগ সোনারগাঁ পৌরসভার আনোয়ার হোসেনের ছেলে জনি।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান, ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। ডাকাত খোকন পালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলি করলে সে গুলিবিদ্ধ হয়। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
শাহাদাত হোসেন/আরএআর/এমএস