দেশজুড়ে

টেকনাফে জিপের সঙ্গে সংঘর্ষে সিএনজি চালক নিহত

কক্সবাজারের টেকনাফে জিপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার হোয়াইক্যং শামলাপুর আঞ্চলিক সড়কের ফরেষ্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন।

নিহত ওই সিএনজি চালকের নাম ধলা মিয়া। তিনি বাহরছড়া ইউনিয়নের শামলাপুর ঘোনারপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায় , একটি সিমেন্ট বোঝাই চাঁদের গাড়ি (জিপ) হোয়াইক্যং হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ফরেস্ট অফিসের সামনে সড়কের বাঁকে জিপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক মারা যান। অপর দুই যাত্রী আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এএসআই রাজু কান্তি দাশ বলেন, দুর্ঘটনা কবলিত সিএনজি ও জিপ জব্দ করা হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস