দেশজুড়ে

যশোরে দরপত্র জালিয়াতির অভিযোগে বিক্ষোভ

যশোরের বাঘারপাড়া পৌরসভার মেয়রের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতির অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকেলে বাঘারপাড়া সদরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় ঠিকাদার আকবর আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- বাঘারপাড়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর যুবলীগ নেতা এনায়েত হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন ও রিয়াদ হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বাঘারপাড়া পৌরসভার দুই কোটি টাকার উন্নয়ন কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। কোনো নিয়ম না মেনেই বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান ওই দরপত্র আহ্বান করেন। দরপত্র আহ্বানের আগে নিয়ম অনুযায়ী টেন্ডার কমিটির একটি সভা হওয়ার কথা থাকলেও মেয়র কামরুজ্জামান তা মানেননি। তিনি টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ গোপন রাখার জন্য অপ্রচলিত পত্রিকায় টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তিনি কোন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন তা পৌরসভার প্রকৌশলীও জানেন না।

বক্তারা বলেন, আমরা জানতে পেরেছি টেন্ডার সিডিউল ক্রয়ের শেষ তারিখ ছিল ১ জুলাই। এর আগ পর্যন্ত তিনি অতি কৌশলে বিষয়টি গোপন রাখেন। তার পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠান কামাল এন্টারপ্রাইজ ও সরোয়ার এন্টারপ্রাইজের নামে কাজ নিয়ে তিনি নিজেই কাজ করবেন এমন অভিযোগ করেন বক্তারা।

এ বিষয়ে বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চুর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, নিয়ম অনুযায়ী দুটি জাতীয় দৈনিকে (দৈনিক আজকের সংবাদ ও ডেইলি ইন্ডাস্ট্রি) টেন্ডার বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এমনকি অনলাইনেও দেয়া হয়েছে। সব নিয়ম মেনেই টেন্ডার আহ্বান করা হয়েছে। এরপরও ঠিকাদারগণ যদি না জানেন তা হলে আমার করার কিছুই নেই।

মিলন রহমান/এএম/এমএস