দেশজুড়ে

শীতলক্ষ্যায় ট্রলারডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে শীতলক্ষ্যা নদীর স্কুল ঘাট এলাকা থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

এদিকে নিখোঁজ অন্য ব্যক্তিদের সন্ধান না মেলায় পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম। তারা স্বজনদের খোঁজে নদীর পাড়ে ভিড় করেছেন।

এর আগে রোববার রাত সাড়ে ৯টার সময় শীতলক্ষ্যা নদীর বন্দর সেট্রাল খেয়া ঘাটে ট্রলারডুবিতে পাঁচজন নিখোঁজ হন। আহত হন ১০জন। ট্রলারডুবির ঘটনায় নিখোঁজরা হলেন- দীন ইসলাম (৩৫), ইমন (২২), সুজন (১৯), ওসমান গণি (৪০) ও জনি (২২)। এদের মধ্যে দীন ইসলাম বন্দর উপজেলার মদনগঞ্জ লক্ষ্মীর চর এলাকার বাসিন্দা। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলের সদস্য সুজন জানান, শীতলক্ষ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় ৫/৬ জন নিখোঁজ রয়েছে। ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে নেমে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের মুখমন্ডল কিছুটা ক্ষত-বিক্ষত হওয়ায় পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর