ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় ডিউটি পালনকালে কাভার্ডভ্যানের চাপায় ট্রাফিকের এটিএএসআই (অ্যাসিসট্যান্ট টাউন সাব ইন্সপেক্টর) আবুল কালাম আজাদ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানের চালককে আটক করেছে।
বুধবার দুপুরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এ দুর্ঘনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ ফরিদপুর জেলা মধুখালী থানার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক বিভাগে সাড়ে ৩ বছর ধরে কর্মরত ছিলেন।
আটক গাড়িচালক ইদ্রিস মিয়া (৩২) নোয়াখালির সেনবাগ থানার মাইসদীপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক সরফুদ্দিন জানান, যানজট নিরসনের জন্য সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেটে দায়িত্ব পালন করছিলেন এটিএসআই আবুল কালাম আজাদ। দুপুর ১টায় একটি কাভার্ডভ্যান চাপা দিলে আজাদ গুরুতর আহত হন। পরে তাকে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবুল কালাম আজাদ ফরিদপুর জেলার মধুখালি থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
শাহাদাৎ হোসেন/এফএ/এমএস