আইন প্রয়োগকারী সংস্থার লোক পরিচয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সাতজনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাদের তুলে নিয়ে যাওযা হয় বলে জানা গেছে। তাদের মধ্যে ছয়জন মসজিদের খতিব, ইমাম ও মাদ্রাসার শিক্ষক। তারা হলেন, শাহপরীর দ্বীপ মিস্ত্রী পাড়ার মৃত গুরা মিয়ার ছেলে শামশুল আলম (৩৮), তার ভাই শ্রমজীবী শাহাজাহান (৩০), বাজারপাড়ার মাওলানা আবদুল মোতালেবের ছেলে মো. হোসেন (২৮), রাস্তারমাথার কম্পিউটার দোকানি মাওলানা আজম উলাহ (৪৫), বাজারপাড়ার মো. হোসেন (৩৬) ও মো. হোসেন (৩২) এবং ডা. ওয়াহেদ (৫৫)। স্থানীয় চৌকিদার দরবেশ আলী জানান, গোয়েন্দা বিভাগের লোক পরিচয়ে একদল লোক তার সহযোগিতা চান। তিনি তুলে নেয়া সবাইকে ডেকে আনেন। এর বেশি কিছু তিনি বলতে পারছেন না। সাবরাং ইউপি চেযারম্যান হামিদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। টেকনাফ থানা পুলিশের (ওসি) খন্দকার আতাউর রহমান জানান, এ বিষয়ে তারা কিছুই জানেন না। তবে খোঁজ খবর নেয়া হচ্ছে। একই কথা জানিয়েছেন জেলা গোযেন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান। সায়ীদ আলমগীর/এআরএ/পিআর