আন্তর্জাতিক

ইসলামাবাদে পৌঁছেছেন জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে। বিবিসিকে একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিমানটি অবতরণের পর তাদেরকে রানওয়েতে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং দেশটির ফিল্ড মার্শাল অসিম মুনির।

জেডি ভ্যান্সের ইরানের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে তার সঙ্গে থাকবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক উপদেষ্টা ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জেয়ারড কুশনার।

ভ্যান্স ও তার আলোচক দল গতকাল যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হন। যাত্রার আগে তিনি সাংবাদিকদের বলেন, তিনি আলোচনার অপেক্ষায় আছেন এবং ‌‘আলোচনায় অংশ নিতে আগ্রহী’। তিনি আরও বলেন, যদি ইরান আন্তরিকভাবে আলোচনায় প্রস্তুত থাকে, তাহলে আমরা অবশ্যই বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত।

তবে তিনি সতর্ক করেছেন যে, ইরান যদি চালাকি করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল তা গ্রহণ করবে না এবং আলোচনায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখাবে না।

মার্কিন প্রতিনিধিদের বহনকারী বিমান এয়ারফোর্স টু বিমানটি পাকিস্তানের পথে যাওয়ার পথে জ্বালানি নেওয়ার জন্য ফ্রান্সের প্যারিসে যাত্রাবিরতি নেয়।

টিটিএন