দেশজুড়ে

কুমিল্লায় নিখোঁজের ৪ দিন পর ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার

কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের চারদিন পর মো. রাব্বি (১৯) নামের এক ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জাফরাবাদ এলাকায় তার নানার বাড়ির পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, ছাত্রলীগ কর্মী মো. রাব্বি উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর গ্রামের তাজুল ইসলামের ছেলে। তার বাবা দ্বিতীয় বিবাহ করায় রাব্বি মায়ের সঙ্গে জাফরাবাদ গ্রামে নানার বাড়িতে থাকত। গত ২৮ আগস্ট সে নিখোঁজ হয়। নিখোঁজের পর তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ২৯ আগস্ট তার মা থানায় সাধারণ ডায়েরি করেন। ৩০ আগস্ট তার মা কুমিল্লার আদালতেও একটি মামলা করেন।

স্থানীয়রা শনিবার বিকালে উপজেলার জাফরাবাদ এলাকায় নানার বাড়ির পাশে খালে রাব্বির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মো. শাহীন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মো. কামাল উদ্দিন/এএইচ/এসআর