দেশজুড়ে

ফতুল্লায় পোশাক শ্রমিকদের অবরোধে তীব্র যানজট

নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্রনী গ্রুপের ‘অবন্তী কালার’ নামে রফতানিমুখি একটি পোশাক কারখানায় গেজেট মোতাবেক মজুরি না দেয়ায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় শ্রমিকরা কর্মবিরতি পালনসহ রাস্তায় অবস্থান করে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে এক ঘণ্টা বিক্ষোভ ও ভাঙচুর করে।

বৃহস্পতিবার সকালে ফতুল্লার শাসনগাঁওয়ে অবস্থিত ক্রনী গ্রুপের অবন্তী কালারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রমিকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কারখানার সামনে অবস্থান করে বিক্ষোভ করে। এক পর্যায়ে শ্রমিকরা সকাল সাড়ে ৯টার দিকে একত্রিত হয়ে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে অবস্থান নেয়। সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখলে তীব্র যানজট সৃষ্টি হয়।

এ সময় শ্রমিকরা আশপাশের কারখানার শ্রমিকদের নিয়ে অবন্তী কালারের গেট ভাঙচুর করে। পরে শিল্প পুলিশ ও ফতুল্লা থানা পুলিশ শ্রমিকদের শান্ত করে রাস্তা থেকে সরিয়ে দেয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) গোলাম মোস্তফা জানান, সরকারি গেজেট মোতাবেক মজুরি না দেয়ায় ওই পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করে এবং সড়ক অবরোধ করে রাখে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল করছে।

শাহাদাৎ হোসেন/এফএ/পিআর