দেশজুড়ে

যৌন হয়রানির দায়ে কুমিল্লায় বখাটের দুই বছরের কারাদণ্ড

কুমিল্লায় এক কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তুহিন নামে এক বখাটেকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইমদাদুল হক তালুকদার এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত তুহিন জেলার সদর উপজেলার দৌলতপুর এলাকার বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ওই কলেজছাত্রী দৌলতপুর এলাকা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় বখাটে তুহিন তাকে দেখে অশালীন মন্তব্য করে। এক পর্যায়ে সে ওই কলেজছাত্রীর হাত ধরে টানা হেঁচড়া শুরু করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তুহিনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে রাতে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান ভ্রাম্যমাণ আদালত।

কামাল উদ্দিন/এফএ/এমকেএইচ