কুমিল্লার হোমনায় নাছির নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হাতিকাটা নামক একটি বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নাছির উপজেলার দৌলতপুর গ্রামের ছাত্তার মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে হাতিকাটা বিলে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। সকালে ওই বিলে স্থানীয়রা যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
হোমনা থানা পুলিশেল ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, নিহত ওই যুবকের মাথা, গলাসহ বিভিন্ন স্থানে জখম রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে রাতের যেকোনো সময় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
কামাল উদ্দিন/এফএ/এমএস