হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, মহান সৃষ্টিকর্তা দুনিয়া-আখেরাত, জান্নাত-জাহান্নাম সৃষ্টি করেছেন মুসলমানদের জন্য। আর কাফেরদের সৃষ্টি করেছেন মুসলমানদের খেদমত করার জন্য। আর জান্নাতে যেতে হলে নবী করিম (স.) এর তরিকা অনুসরণ করে আল্লার নির্দেশে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যে ঘরে আলেম-আলেমা রয়েছে সে ঘরের বা বংশের প্রায় ১০ জনকে নিয়ে ওই আলেম-আলেমা জান্নাতে প্রবেশ করবে। তাই প্রতি ঘরেই আলেম-আলেমা তৈরির জন্য সন্তানদের মাদসা শিক্ষা গ্রহণ করাতে হবে।
সোমবার নারায়ণগঞ্জের বন্দরের মাহমুদ নগরে জামেয়া হাজী শাহজাদী বাইতুল কুরআন মাদরাসায় শিক্ষার্থীদের দস্তারবন্দি উপলক্ষে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলহাজ আব্দুস সালামের সভাপতিত্বে এ সম্মেলনে আরও বক্তব্য দেন মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল কাদির, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা ছগির আহমাদ, মুফতি আবু ইউসুফ আল-মাদানী প্রমুখ।
এ সময় আল্লামা আহমদ শফী ছাত্রদের পাগড়ি পরিয়ে দেন এবং দোয়া করেন। এর আগে তিনি চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে দুপুরে বন্দরে আসেন। আলোচনা শেষে বিকেলে তিনি পুনরায় হেলিকপ্টারে করে চট্টগ্রাম চলে যান।
শাহাদাত হোসেন/আরএআর/এমকেএইচ