কক্সবাজারের মহেশখালীতে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার হোয়ানক ইউনিয়নের উত্তরের প্যারাঘোনা নামক চিংড়ি প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক কালাইয়া (২৮) উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ির পূর্ব গোদারপাড়ার চাঁন মিয়া মাঝির ছেলে।মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহমেদ জানান, আধিপত্য বিস্তার ও চিংড়ি প্রজেক্ট দখলকে কেন্দ্র করে হোয়ানক ইউনিয়নে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। এর মধ্যে একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক। আর মোজাম্মেল ছিলেন এনাম গ্রুপের সদস্য। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে গুলি হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে গুলির একটি আঘাত দেখা গেছে। নিহতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, জমি দখলসহ নানা অভিযোগে মহেশখালী থানায় ছয়টি মামলা রয়েছে।তিনি আরো জানান, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চালানো হচ্ছে বলেও জানান তিনি।সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি