যশোরের ঝিকরগাছায় পাওনা টাকা আদায়ের কথা বলে এক ইউপি চেয়ারম্যানকে তুলে নিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আটকে রাখা হয়। সোমবার বিকেলে এ ঘটনার পর রাতে পুলিশ আওয়ামী লীগ কার্যালয় থেকে তাকে উদ্ধার করেছে। ঘটনার শিকার আমিনুর রহমান ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান।এ ঘটনায় রাতে তিনি থানায় মামলা করেছেন। গঙ্গানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমানের ছেলে মেহেদি হাসান জানান, গত শুক্রবার উপজেলার কৃষ্ণনগর গ্রামের আশিকুল নামে একজন চেয়ারম্যানের কাছে ফোন করে পাওনা ছিল উল্লেখ করে ৮০ হাজার টাকা দাবি করে।কিন্তু চেয়ারম্যান তাকে জানান, তার সাথে কোনো লেনদেন নেই এবং তাকে চেনেন না।টাকা না দিলে তাকে দেখে নেয়ারও হুমকি দেয়া হয়। সোমবার বিকেলে ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান মোটরসাইকেলযোগে ঝিকরগাছা থেকে গঙ্গানন্দপুরে ফিরছিলেন।পথিমধ্যে কাটাখাল নামক স্থানে পৌঁছালে আশিকুলসহ আরও দু’জন চেয়ারম্যান আমিনুরের গতিরোধ করে তাকে তুলে নিয়ে ওই এলাকার একটি ঘরে আটকে রাখে।পরে তাকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এনে ভেতরের একটি কক্ষে আটকে রাখে।এরই মধ্যে আমিনুর রহমানের স্বজনরা খবর পেয়ে ঝিকরগাছা থানায় খবর দিলে রাতে পুলিশ তাকে আওয়ামী লীগ কার্যালয় থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ ঘটনায় থানায় রাতে মামলা হয়েছে।ঝিকরগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, পাওনা টাকা আদায়ের কথা বলে কয়েকজন ইউপি চেয়ারম্যান আমিনুরকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে যায়।পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলা হয়েছে।মিলন/এমএএস/আরআইপি