কৃষি সচিব মো. নাসিরুজ্জামান বলেছেন, কৃষিবিষয়ক যেকোনো ধরনের তথ্য কৃষকদের কাছে দ্রুত পৌঁছে দিতে হবে। তাহলে কৃষক উৎপাদন বৃদ্ধির পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবে।
শনিবার (২৯ জুন) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) থ্রিডি হলে ‘প্রকল্পের অগ্রগতি এবং বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্যপদ্ধতি (বামিস) পোর্টাল উদ্বোধন’ বিষয়ক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদফতরের ‘কৃষি আবহাওয়া তথ্যপদ্ধতি উন্নতকরণ প্রকল্প’ এ কর্মশালার আয়োজন করে।
কৃষি সচিব বলেন, বন্যা, খরা ও জলোচ্ছ্বাসে আগাম সতর্কীকরণ বার্তাতে আমরা অনেক পিছিয়ে আছি। কৃষি আবহাওয়া বিষয়ক তথ্য কৃষকদের মাঝে পৌঁছে দেয়ার জন্য এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাঠপর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে কৃষির তথ্য দিয়ে কৃষকদেরকে আপডেট করতে হবে। কৃষক সচেতন হবে এবং তারা ক্ষতির মধ্যে পড়বে না।
তিনি আরও বলেন, আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসছে। ১৯৬০ সাল থেকে শুরু করে ১৯৭০, ১৯৮৬, ১৯৯১, ২০০৭, ২০০৯ সালসহ এখন প্রায় প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ দেশে আঘাত হানছে। দিন দিন আবহাওয়ার ফ্রিকোয়েন্সি বাড়ছে। এ ধরনের পরিবর্তনে আমাদের কৃষি সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। আমাদের সক্ষমতা বাড়িয়ে এ ধরনের দুর্যোগ মোকাবিলা করতে হবে। তৃণমূল পর্যায়ে কৃষি পরামর্শ সেবা পৌঁছাতে পারলে টেকসই কৃষি উৎপাদনের দিকে এগিয়ে যেতে পারব।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের সরেজমিন উইংয়ের পরিচালক ড. মো. আব্দুল মুঈদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বিশেষজ্ঞ পুলের সদস্য ও ডিএইর সাবেক মহাপরিচালক মো. হামিদুর রহমান ও অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক ড. মঝহারুল আজিজ।
এফএইচএস/বিএ/এমকেএইচ