দেশজুড়ে

নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু স্মৃতি উন্মুক্ত যাদুঘর হবে : খালিদ মাহমুদ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নারায়ণগঞ্জের খানপুর বরফকল জেটি একটি ঐতিহাসিক জেটি। নারায়ণগঞ্জ ছিল বঙ্গবন্ধুর বিচরণ ক্ষেত্র। এ জেলায় আওয়ামী লীগেরও ইতিহাস ঐতিহ্য রয়েছে। বঙ্গবন্ধুর শত জন্মবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু স্মৃতি উন্মুক্ত যাদুঘর নির্মাণের পরিকল্পনা করছি। যেন তাকে মানুষ জানতে পারে। তার অসমাপ্ত জীবনী সম্পর্কেও যেন মানুষ জানতে পারে। এ বিষয়ে জেলার বিশিষ্টজন ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গেও আলোচনা করা হবে।

শুক্রবার নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ'র বিভিন্ন কার্যক্রম ও জমি পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রীকে সাংবাদিকরা নৌ-ডাকাতির বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে সরকার কাজ করে যাচ্ছে। আগের চাইতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখন অনেক বেশি সক্ষম। সব ধরনের চুরি ডাকাতিসহ সকল সন্ত্রাসী কার্যক্রম বন্ধ ও অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম, জেলা প্রশাসক (ডিসি) জসিমউদ্দিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী (সিও) এএফএম এহেতেশামুল হক, বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মো. শহিদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ প্রমুখ।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ নদী বন্দর টার্মিনাল, বন্দরে মেরিন একাডেমির পাশে বিআইডব্লিউটির'র প্রশিক্ষণ কেন্দ্র ডিইপিটিসি, নাসিকের একটি প্রকল্প নদী তীরবর্তী হওয়ায় সেটির জমি পরিদর্শন ও তা নিয়ে আলোচনা, বিআইডব্লিউটিএর চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক, বিআইডব্লিউটিএর নির্মাণাধীন ড্রেজার বেইজ, খানপুর বরফকল মাঠ ও বরফকল জেটি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

শাহাদাত হোসেন/এমএএস/এমকেএইচ