করোনাভাইরাসের কারণে যে আর্থিক দুরবস্থা দেখা দিতে পারে, তা মোকাবিলায় ভারত ও পাকিস্তানের মধ্যকার একটি তিন ম্যাচের সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। তার এ প্রস্তাবের পক্ষের চেয়ে বিপক্ষেই পাওয়া গেছে বেশিরভাগ মন্তব্য।
তন্মধ্যে অন্যতম ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। শোয়েবের প্রস্তাব উড়িয়ে দিয়ে তিনি সরাসরি বলেছিলেন, ভারতের টাকার প্রয়োজন নেই। টাকার জন্য এমন কোন সিরিজ আয়োজনের আবশ্যকতাও দেখছেন না বলে জানান কপিল। ফলে শোয়েবকে এই ভাবনা মাথা থেকে ফেলে দেয়ার পরামর্শ দেন তিনি।
তবে শোয়েব আবার ভাবছেন ভিন্ন কথা। তার মতে, কপিল দেব প্রস্তাবিত বিষয়টাই বুঝতে পারেনি। এখানে শুধু টাকার বিষয় নয়, বরং সবাইকে এক করা, বড় অংকের রাজস্ব আয়- সবকিছুই হবে। এছাড়া কপিল বললেও, শোয়েব জানেন ভারতে অনেকেরই টাকার খুব দরকার।
নিজ দেশের টিভি চ্যানেলে শোয়েব বলেন, ‘মনে হয় না, কপিল আমার কথাটা বুঝতে পেরেছে। প্রত্যেকটা মানুষই অর্থনৈতিকভাবে চাপে পড়তে যাচ্ছে। এসময় আমাদের সবাইকে এক হয়ে রাজস্ব আয়ের কথা ভাবতে হবে। আমি বৃহত্তর পরিসরে বলছি, অর্থনৈতিক দিকটা ঠিক রাখার ব্যাপারে। একটা ম্যাচের মাধ্যমে সারাবিশ্বের দর্শক এক হয়ে যাবে। এটা অনেক রাজস্ব দেবে।’
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত এ পেসার আরও বলেন, ‘কপিল বলেছেন তার টাকার প্রয়োজন নেই। অবশ্যই তার টাকার প্রয়োজন নেই। তবে অন্য অনেকেরই এটার খুব দরকার। আমি মনে করি আমার এই প্রস্তাব খুব শীঘ্রই বিবেচনায় আসবে।’
এসময় শোয়েব দাবি করেন, ভারতের অবস্থা তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের চেয়েও ভালো জানেন। দেশটির অনেক জায়গায় ঘুরে অসহায় মানুষদের সঙ্গে কথাও বলেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান শোয়েব।
তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, খোদ ইমরান খানের চেয়েও ভারতকে বেশি চিনি আমি। দেশটিতে অনেক ঘুরেছি আমি এবং অনেক মানুষের সঙ্গে কথা বলি। আমাদের দেশের মানুষদের ভারত সম্পর্কে ধারণা দেই আমি। আমাদের দেশেও দারিদ্র আছে। অসহায় মানুষদের দেখে আমি দুঃখ পাই। একজন মানুষ হিসেবে, মুসলিম হিসেবে যথাসাধ্য সাহায্য করা আমার দায়িত্ব।’
এসএএস/জেআইএম