ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না। তার হুকুম পালন ছাড়া কোনো উপায় নেই।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এ বইমেলার আয়োজন করে।
ইসলামি বইমেলার গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ইসলামকে মানতে হলে কোরআন ও হাদিস সম্পর্কে জানতে ও বুঝতে হবে। এই বইমেলা এমন একটি বইমেলা যেখান থেকে বই কিনে আমরা কোরআন ও হাদিসের কথা জানতে পারবো। ইসলামি বই থেকে আল্লাহ ও তার রাসুল (সা.) কী বলেছেন তা জানতে পারবো।
তিনি বইমেলার সার্বিক ব্যবস্থাপনার জন্য ইসলামিক ফাউন্ডেশন, পুস্তক প্রকাশক, ক্রেতা, বিক্রেতা ও স্টল প্রদানকারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
মন্ত্রী বলেন, অতীতে ইসলামিক ফাউন্ডেশনে যারা অন্যায়, অত্যাচার ও জুলুম করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অত্যাচারী, জুলুম ও অবিচারকারীদের স্থান ইসলামিক ফাউন্ডেশনে হবে না। যারা ইসলামের নামে ধর্ম ব্যবসা করতে চায় তাদেরও জায়গা দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে হেফাজত করলে বাংলাদেশের হেফাজত হবে উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার পাবো- এ চিন্তা আমরা করিনি। এমন বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশের কথা আমরা ভাবিনি। সব ষড়যন্ত্রের হাত থেকে প্রধানমন্ত্রীকে হেফাজতের জন্য সবার দোয়া কামনা করেন মন্ত্রী।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম সচিব মো. কামাল উদ্দিন বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় অন্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও মাওলানা শাহ নেসারুল হক উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন এবং স্টল ঘুরে দেখেন।
মাসব্যাপী এ বইমেলায় ৬১টি স্টল রয়েছে। এ মেলায় পবিত্র কোরআনের অনুবাদ ও তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ পাওয়া যাবে। ইফার স্টল থেকে ৪০ শতাংশ কমিশনে বই কেনা যাবে। তবে বিশেষ কিছু বইয়ে আরও বেশি কমিশন মিলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এমইউ/বিএ