দেশজুড়ে

বাহুবলে গ্রেফতার সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জে পুলিশকে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার জামিন পেয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিনের আদালত তার জামিন মঞ্জুর করেন।

আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রতিবেদনের আগ পর্যন্ত তাকে অস্থায়ী জামিন দেন আদালত। এর আগে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ এনে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

আদালতের পরিদর্শক সোহেল রানা জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মখলিছুর রহমানের সঙ্গে সম্প্রতি মোবাইলফোনে কথা বলেন বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলাম। এসময় মখলিছুর রহমানের পাশে থেকে উত্তেজিত হয়ে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার ওসিকে উদ্দেশ করে গালিগালাজ করতে থাকেন। এ-সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ফোনে ওসিকে গালিগালাজ-হুমকির অভিযোগে বিএনপি নেতা আটক

অডিওতে ওই বিএনপি নেতাকে বলতে শোনা যায়, ‘বাহুবলে ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করেই করতে হবে’।

এ ঘটনায় রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শায়েস্তানগরে নিজ বাসা থেকে তুষারকে আটক করে ডিবি পুলিশ। পরে রাতে বাহুবল থানার ওসি সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় তুষারকে গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়।

তবে মামলার আসামি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের দাবি, সম্পাদিত অডিও ছড়িয়ে দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। গত দুই মাসে ওসির সঙ্গে তার কোনো ফোনালাপ হয়নি। তিনি বলেন, তার ম্যানেজারকে উদ্দেশ করে বলা কথা বিকৃতভাবে প্রচার করা হচ্ছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/এএসএম