ফিচার

ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাস হলে যা করবেন

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চল জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। ফলে জীববৈচিত্র মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশেষ করে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের প্রকোপ বেড়েছে। তাই আমাদের সবার জানা উচিত জলোচ্ছ্বাস পরবর্তী করণীয় কি? আসুন তাহলে জেনে নেওয়া যাক। বিস্তারিত জানাচ্ছেন মো. বিল্লাল হোসেন—

১. জলোচ্ছ্বাস পরবর্তী বাড়ি-ঘর, পয়ঃনিষ্কাশনসহ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করুন। যেকোনো মরা, পচা জীব-জন্তু দেখামাত্রই মাটিতে পুতে ফেলুন।

২. পচা ও দূষিত খাবার খাবেন না। খাবার গরম করে খাবেন। মাছি, পোকা-মাকড় ও ধুলাবালি থেকে রক্ষা পেতে খাবার ঢেকে রাখুন।

৩. ডায়রিয়া হলে রোগীকে স্বাভাবিক খাবার দিন। এছাড়া ঘনঘন খাবার স্যালাইন (ওআরএস) খাওয়ান। ডায়রিয়া আক্রান্ত শিশুকে অবশ্যই মায়ের দুধ খাওয়াবেন।

৪. জলোচ্ছ্বাসের পানিতে টিউবওয়েলটি ডুবে গেলে আধা ঘণ্টা ধরে ক্রমাগত চেপে পানি ফেলে দিন। এর পর নিরাপদ পানি পাওয়া যায়।

৫. পুকুর, নদী, খাল-বিল, কূপ অথবা কোনো খোলা স্থানের পানি সংগ্রহ করে প্রথমে একটি পরিষ্কার পাত্রে থিতানোর জন্য রেখে দিন। একঘণ্টা পর থিতানো পানি পরিষ্কার কাপড়ের সাহায্যে ছেঁকে নিন। এরপর দশ লিটার পানিতে ৩২ ফোটা বা ২ মিলিলিটার ক্লোটেক ভালোভাবে মিশিয়ে আধা ঘণ্টা পরে পানি পান করুন।

৬. ১০ লিটার পনিতে ২ ফোটা ক্লোটেক মিশিয়ে পান করলে কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয় না।

৭. বন্যাজনিত যেকোনো রোগে (ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি, চর্মরোগ) নিকটস্থ স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।

লেখক: শিক্ষার্থী, জীববিজ্ঞান অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

এসইউ/জেআইএম